বৃহঃস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

পুলিশের হাত থেকে হাতকড়া পরা অবস্থায় পালানো চোর অতপর..

লালমনিরহাট প্রতিনিধি | প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ১২:৫৩

হাতীবান্ধায় হাতকড়া পরা অবস্থায় পালানো চুরির আসামি পুনরায় গ্রেফতার। ছবি: সংগৃহীত

হাতীবান্ধা থানা পুলিশ বুধবার হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যাওয়া চুরির মামলার এক আসামিকে রাতভর অভিযান শেষে বৃহস্পতিবার ভোরে পুনরায় গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামির নাম মনিরুজ্জামান ওরফে মনিরুল ইসলাম (২৭)। তিনি উপজেলার দক্ষিণ গড্ডিমারী এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সিঙ্গীমারী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ফারুক হোসেনের বাড়ি থেকে আসবাবপত্র চুরির ঘটনা ঘটে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাইয়ের মাধ্যমে আসামিকে শনাক্ত করে।

পরে পুলিশ সন্ধ্যায় মনিরুজ্জামানকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুরির কথা স্বীকার করে। কিন্তু পুলিশের সঙ্গে অভিযানে বের হওয়ার পথে সে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যায়।

পুলিশ রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন স্থানে দল বিভক্ত করে তাকে খুঁজতে থাকে। বৃহস্পতিবার ভোরে সিঙ্গীমারী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এলাকা থেকে তাকে পুনরায় গ্রেফতার করা হয়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমজান আলী জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চুরি এবং পুলিশ হেফাজত থেকে পালানোর দুটি পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top