এপ্রিলের মধ্যেই ঢাকার যানজট কমার আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ১৩:০৩
ঢাকা শহরের দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে দ্রুত অগ্রগতির আশার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আগামী এপ্রিল মাসের শেষ নাগাদ স্বল্পমেয়াদি পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে, যা যানজট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে তারেক রহমান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
সভায় ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে ডিএমপি, সিটি কর্পোরেশন, রাজউক, বুয়েটসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
মন্ত্রী জানান, ইতোমধ্যে ট্রাফিক সিগন্যাল অটোমেশনের কাজ শুরু হয়েছে। বর্তমানে সাতটি সিগন্যাল চালু রয়েছে, আর শিগগিরই আরও ছয়টি গুরুত্বপূর্ণ মোড়ে এই ব্যবস্থা চালু করা হবে। পর্যায়ক্রমে রাজধানীর প্রায় ১২০টি সিগন্যালই অটোমেশনের আওতায় আনা হবে।
তিনি আশা প্রকাশ করেন, স্বল্পমেয়াদি পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে ঢাকার যানজট পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে। আর মধ্য ও দীর্ঘমেয়াদি উদ্যোগগুলো বাস্তবায়ন করা গেলে রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।