রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

কমলনগরে শ্রমিককে আড়ায় ঝুলিয়ে নির্যাতন, এলাকায় চাঞ্চল্য,ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুর প্রতিনিধি: | প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ১১:০৮

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে পাওনা টাকার জেরে কালু নামের এক ইটভাটা শ্রমিককে আড়ায় ঝুলিয়ে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওই শ্রমিকের দুই হাত রশি দিয়ে বেঁধে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে এবং একজন ব্যক্তি লাঠি দিয়ে তাকে মারধর করছেন। এ সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের মৌলভীবাজার স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কালু কমলনগরের চরকাদিরা ইউনিয়নের চরবসু বাদামতলী বাজার এলাকার বাসিন্দা। অভিযুক্ত ইসমাইল হোসেন ইটভাটা শ্রমিক সরবরাহকারী হিসেবে কাজ করেন।

জানা যায়, চট্টগ্রামের একটি ইটভাটায় কাজ করার জন্য ইসমাইলের কাছ থেকে কালু ৮০ হাজার টাকা অগ্রিম নিয়েছিলেন। পরে অসুস্থতার কারণে তিনি বাড়িতে ফিরে আসেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ইসমাইল তাকে শ্বশুরবাড়ি থেকে ধরে এনে নিজের অফিসে বেঁধে নির্যাতন করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী কালু জানান, তাকে জোরপূর্বক ধরে এনে বেঁধে মারধর করা হয়েছে। পরে পুলিশ তাকে উদ্ধার করে। বর্তমানে অভিযুক্ত ইসমাইল হোসেন পলাতক রয়েছেন।

অভিযুক্ত ইসমাইল হোসেন দাবি করেন, অগ্রিম টাকা দিয়ে কাজের জন্য নেওয়া হলেও কালু কাজে অনিয়ম করতেন এবং নানা অজুহাতে চলে যেতেন। তিনি স্বীকার করেন যে তাকে বেঁধে রাখা হয়েছিল, তবে মারধর সীমিত ছিল এবং শুধু ভয় দেখানোর জন্য করা হয়েছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পেয়ে নির্যাতিত শ্রমিককে উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top