বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, দুই মাস পর অভিযুক্ত আটক
লালমনিরহাট প্রতিনিধি | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ০৮:৫০
লালমনিরহাটে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মোঃ গোলাপ মিয়াকে (৩০) গ্রেফতার করেছে র্যাব-১৩।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে শহরের নর্থ বেঙ্গল মোড় এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে র্যাব।
মামলার এজাহার সূত্রে জানা যায়, লালমনিরহাট সদর উপজেলার পশ্চিম আমবাড়ি এলাকার বাসিন্দা গোলাপ মিয়ার সঙ্গে ভুক্তভোগী স্কুলছাত্রীর প্রতিবেশী সম্পর্ক ছিল।
গত ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে নিজ বাড়িতে ডেকে নেয় অভিযুক্ত। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে।
এ সময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। তবে অভিযুক্ত কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার চার দিন পর, ২৪ ফেব্রুয়ারি ভুক্তভোগীর পিতা বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
এরপর থেকে আসামি গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।
র্যাব-১৩ জানায়, বিষয়টি তাদের নজরে আসার পর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-১৩, রংপুর-এর একটি আভিযানিক দল অভিযান চালায়।
রাত প্রায় ৯টা ৫০ মিনিটে দারুস ইহসান প্রি-ক্যাডেট একাডেমির সামনে থেকে পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লালমনিরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতার মতো অপরাধের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিকে আজ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।