মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

বন্ধ জুটমিল চালু করে কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ: প্রতিমন্ত্রী শরীফুল আলম

নরসিংদী প্রতিনিধি | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১৪:৩৬

ছবি: সংগৃহীত

দেশে কর্মসংস্থান বাড়াতে বন্ধ হয়ে থাকা পাটকলগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইজারার মাধ্যমে এসব জুটমিল চালু করা হবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) নরসিংদীর পলাশ উপজেলার কো-অপারেটিভ জুটমিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা জানান।

তিনি বলেন, সরকারি কিংবা বেসরকারি উপযুক্ত ব্যবস্থাপনার আওতায় ধাপে ধাপে দেশের বিভিন্ন অঞ্চলের বন্ধ পাটকলগুলো চালু করা হবে। এ লক্ষ্যে দেশি ও বিদেশি উদ্যোক্তাদের বিনিয়োগে উৎসাহিত করা হচ্ছে, যাতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।

প্রতিমন্ত্রী আরও জানান, বিগত সময়ে এসব পাটকল বন্ধ হয়ে যাওয়ায় বহু শ্রমিক কর্মহীন হয়ে পড়েন। বর্তমান সরকার সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে কাজ করছে এবং কর্মসংস্থান সৃষ্টিতে দৃঢ় প্রতিজ্ঞ।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুট মিলস করপোরেশনের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. কবির উদ্দিন সিকদার, মুখ্য পরিচালন কর্মকর্তা মামনুর রশিদ এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুব্রত সিকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংশ্লিষ্টদের মতে, সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে পাটশিল্পে নতুন গতি আসবে এবং বেকারত্ব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top