কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে শীর্ষ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ মডেল থানা এলাকার পুলেরঘাট বাজার সংলগ্ন জালুয়াপাড়া মোড়ে ফাল্গুনী সিনেমা হলের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুল মান্নানকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ৪৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়।
অভিযানটি পরিচালনা করেন এসআই মামুনুর রশিদ ও পিএসআই খলিলুর। তারা জানান, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং তাকে ধরতে পুলিশ নজরদারি চালিয়ে আসছিল।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় কিশোরগঞ্জ মডেল থানা-এ মামলা (নং-৪২, তারিখ-২১ এপ্রিল ২০২৬) দায়ের করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে এলাকাকে মাদকমুক্ত করা হবে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।