বৃহঃস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিনের যোগদান

ফরহাদ হোসেন রাজ | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১৫:১৫

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সোহানা নাসরিন। উন্নত ও স্মার্ট জেলা গড়ার প্রত্যয় নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন তিনি। এসময় তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ড. এস. এম. ফরহাদ হোসেন, পুলিশ সুপার, কিশোরগঞ্জ। ফুলেল শুভেচ্ছার মাধ্যমে নবাগত ডিসিকে বরণ করে নেওয়া হয়।

শুভেচ্ছা বিনিময়কালে জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে জেলা প্রশাসন ও পুলিশের সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

দায়িত্ব গ্রহণের পর সোহানা নাসরিন বলেন, কিশোরগঞ্জ একটি ঐতিহ্যবাহী জেলা। সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে তিনি নিরলসভাবে কাজ করবেন। জনবান্ধব ও স্বচ্ছ প্রশাসন গড়ে তোলাই তার অন্যতম লক্ষ্য।

এদিকে পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন জেলা প্রশাসকের নেতৃত্বে জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। প্রশাসন ও পুলিশের যৌথ প্রচেষ্টায় কিশোরগঞ্জকে একটি নিরাপদ ও সমৃদ্ধ জনপদে রূপান্তর করা সম্ভব হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণ শেষে নতুন ডিসি জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top