কিশোরগঞ্জে জমি বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত
কিশোরগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১০:১৫
কিশোরগঞ্জ সদর উপজেলায় জমি ও পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার হারুয়া কলেজ রোড এলাকায় নিজ বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শামীম (৪০) মৃত গিয়াসউদ্দিনের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে শামীমের ভাতিজা লিংকন বাসায় প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তিনি উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত হন। হামলার পরপরই লিংকন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। লিংকন মৃত সুলতানের ছেলে বলে জানা গেছে।
শামীম ও তার মায়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, শামীমের পেট ও পিঠে ধারালো অস্ত্রের চার থেকে পাঁচটি গুরুতর আঘাত ছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহতের মা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে দোকান ও পারিবারিক সম্পত্তি নিয়ে শামীম ও লিংকনের মধ্যে বিরোধ চলছিল। তার দাবি, লিংকন জোরপূর্বক সম্পত্তি দখলের চেষ্টা করছিল। ওই বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ভূইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।