মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

প্রেমিককে কুপিয়ে আহতের জেরে প্রেমিকার চাচা-ফুফুর বাড়িতে আগুন

নরসিংদী প্রতিনিধি | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১০:১৬

ছবি: সংগৃহীত

নরসিংদীর মাধবদী এলাকায় প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনাকে ঘিরে পাল্টা প্রতিশোধ হিসেবে চারটি বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

রোববার (২৬ এপ্রিল) রাতে মাধবদীর খরমুদ্দি এলাকায় এই ঘটনা ঘটে।

আহত যুবকের নাম সাজ্জাত হোসেন (২২)। তিনি ওই এলাকার মাহতাব মিয়ার ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সাজ্জাত হোসেনের সঙ্গে একই এলাকার এক কিশোরীর প্রেমের সম্পর্ক চলছিল। সম্প্রতি মেয়েটি পরিবারের অমতে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেলে পরিবার তাকে ফিরিয়ে আনে। পরে রোববার সকালে ওই কিশোরী আবারও প্রেমিকের কাছে চলে গেলে তার পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে সাজ্জাতের ওপর হামলা চালায়। হামলায় তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

এ ঘটনার পরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, আহত যুবকের পরিবারের সদস্যরা ক্ষুব্ধ হয়ে ওই কিশোরীর চাচা ও ফুফুরসহ মোট চারটি বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে বাড়িগুলোর আসবাবপত্রসহ সবকিছু পুড়ে যায়।

স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও কিছু লোকজন বাধা দেওয়ায় আগুন নিয়ন্ত্রণে কাজ ব্যাহত হয়।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, বাধার কারণে দ্রুত অগ্নি নির্বাপণ করা সম্ভব হয়নি, ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে প্রথমে একজনকে কুপিয়ে আহত করা হয়। এরপরই প্রতিশোধমূলকভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top