শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

প্রতিমন্ত্রীকে জড়িয়ে সংবাদ প্রকাশ, বগুড়ায় দৈনিক পত্রিকার ডিক্লারেশন বাতিলের আবেদন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২ মে ২০২৬, ১২:৫৪

ছবি: সংগৃহীত

বগুড়ায় একটি দৈনিক পত্রিকায় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পত্রিকাটির ডিক্লারেশন (ঘোষণা) বাতিলের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বগুড়া জেলা প্রশাসকের কাছে পৃথকভাবে আবেদন করেন শহরের চারমাথা এলাকার আবুল কালাম আজাদ এবং শিবগঞ্জ উপজেলার আনোয়ারুল ইসলাম সুমন।

আবেদন সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল ‘দৈনিক উত্তর কোণ’ পত্রিকার প্রথম পাতায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে ঢাকার জেলা প্রশাসক নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগ তুলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে জড়িয়ে তথ্য উপস্থাপন করা হয়।

আবেদনকারীদের দাবি, প্রতিবেদনে গুরুতর অভিযোগ আনা হলেও কোনো নির্ভরযোগ্য সূত্র বা দালিলিক প্রমাণ উল্লেখ করা হয়নি, যা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থি। তারা মনে করেন, এ ধরনের সংবাদ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

আবেদনে পত্রিকাটির ডিক্লারেশন বাতিলসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

আবুল কালাম আজাদ বলেন, সংবাদটি প্রকাশের পর তা দৃষ্টিকটু মনে হয়েছে এবং এটি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা।

অন্যদিকে আনোয়ারুল ইসলাম সুমন বলেন, প্রতিমন্ত্রীকে জড়িয়ে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।

এ বিষয়ে জানতে চাইলে পত্রিকাটির সম্পাদক শাহেদুজ্জামান সিরাজ বিজয় তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি জানান, এ মুহূর্তে তারা এ বিষয়ে কিছু বলতে চান না।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top