চুরির সময় খাটের নিচে ঘুমিয়ে পড়লেন চোর, অবশেষে ধরা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১৪:১৬

সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দিতে চুরি করতে গিয়ে এক অদ্ভুত ঘটনার জন্ম দিয়েছেন এক চোর। ঘরে ঢুকে লুকিয়ে থাকার সময় খাটের নিচেই ঘুমিয়ে পড়েন তিনি। পরে ভোরে তার হাত খাটের বাইরে বেরিয়ে পড়ায় ধরা পড়ে যান ওই চোর।

ঘটনাটি ঘটে সোমবার (২৭ এপ্রিল) ভোরে দাউদকান্দি উপজেলার গৌরিপুর ইউনিয়নের দক্ষিণ পেন্নাই গ্রামে। স্থানীয় বারেক কন্ট্রাক্টরের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় রান্নাঘরের এডজাস্ট ফ্যান কেটে ঘরে প্রবেশ করেন ওই ব্যক্তি। ঘরে একজন নারী তার দুই সন্তান নিয়ে অবস্থান করছিলেন। ভেতরে লোকজন জেগে আছে বুঝতে পেরে চোর খাটের নিচে লুকিয়ে পড়েন।

পরবর্তীতে সেখানে তিনি ঘুমিয়ে পড়েন। ভোরে ফজরের নামাজ পড়তে উঠে ঘরের ওই নারী খাটের বাইরে একটি হাত দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি চিৎকার করেন। পরে প্রতিবেশীরা এসে খাটের নিচে তাকিয়ে ঘুমন্ত অবস্থায় ওই ব্যক্তিকে দেখতে পান।

পরে স্থানীয়রা তাকে টেনে বের করে বেঁধে রাখেন। পরবর্তীতে সকালে তাকে মারধর করে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য রকিব উদ্দিন জানান, ওই ব্যক্তি এর আগেও চুরির ঘটনায় জড়িত ছিলেন এবং মাদকাসক্ত ছিলেন বলে স্বীকার করেছেন। তার ভাষ্য অনুযায়ী, চুরির আগে সে নেশা করে এসেছিল, যার কারণে খাটের নিচেই ঘুমিয়ে পড়ে।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. আব্দুল বারী জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top