পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন।
রোববার (৩ মে) দুপুরে উপজেলা সদরের জিয়া স্কোয়ার ও মোল্লাপাড়া ব্রিজ এলাকায় দুই দফায় এ সংঘর্ষ হয়।
জামায়াতে ইসলামীর অভিযোগ, দুপুর ১টার দিকে পানছড়ি বাজারের জিয়া স্কোয়ার এলাকায় উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক আল-আমিনের নেতৃত্বে ৮ থেকে ১০ জন যুবক অতর্কিতভাবে জামায়াতের পানছড়ি উপজেলা আমির জাকির হোসেনের ওপর হামলা চালায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে মোল্লাপাড়া ব্রিজ এলাকায় জামায়াতের উল্টাছড়ি ইউনিটের সভাপতি সৈয়দ মজনুর ওপর দ্বিতীয় দফা হামলা চালানো হয়।
অন্যদিকে বিএনপির দাবি, মোটরসাইকেল ওভারটেকিংকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে জামায়াতের দুইজন ছাড়াও ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান ও আরও এক বিএনপি কর্মী আহত হন।
আহতদের মধ্যে জাকির হোসেনকে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত সৈয়দ মজনুকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ জানিয়েছেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে এ হামলার ঘটনা ঘটে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।