সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

উত্তর-পূর্বাঞ্চলে সাত নদীর পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে বন্যার শঙ্কা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ মে ২০২৬, ১৪:৪২

সংগৃহীত

দেশের উত্তর-পূর্বাঞ্চলে টানা বৃষ্টিপাতের কারণে সাতটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

সোমবার (৪ মে) পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, গত ২৪ ঘণ্টায় অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে নেত্রকোনা জেলার জারিয়াজঞ্জাইলে ৭৪ মিমি, হবিগঞ্জ জেলায় ৭৪ মিমি এবং চাঁদপুর-বাগানে ৬১ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সকাল ৯টার তথ্য অনুযায়ী, হাওর বেসিনের তিনটি জেলার সাতটি নদীর আটটি স্টেশনে পানি প্রাক-মৌসুমি বিপৎসীমা অতিক্রম করেছে।

এর মধ্যে সুনামগঞ্জ জেলার নলজুর নদীর পানি জগন্নাথপুর পয়েন্টে ১১ সেমি বেড়ে বিপৎসীমার ৪০ সেমি ওপরে রয়েছে। নেত্রকোনার ধনু-বাউলাই নদী ৯ সেমি বৃদ্ধি পেয়ে ৮ সেমি ওপরে, সোমেশ্বরী নদী ১৪ সেমি কমলেও এখনও ৫০ সেমি ওপরে প্রবাহিত হচ্ছে। এছাড়া ভুগাই-কংশ নদী ২২ সেমি কমে ৬৭ সেমি ওপরে এবং মগরা নদী নেত্রকোনা পয়েন্টে ৫ সেমি বেড়ে ৭৯ সেমি ও আটপাড়া পয়েন্টে ২৭ সেমি ওপরে রয়েছে।

অন্যদিকে হবিগঞ্জ জেলার কালনি নদী ১৫ সেমি বেড়ে ১০ সেমি ওপরে এবং সুতাং নদী ২৩ সেমি বৃদ্ধি পেয়ে ৮৩ সেমি ওপরে প্রবাহিত হচ্ছে।

পাউবো জানিয়েছে, সুনামগঞ্জের হাওর এলাকায় নদীগুলোর পানির উচ্চতা ঘণ্টায় ০ থেকে ১ সেন্টিমিটার হারে ধীরগতিতে বাড়ছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বৃষ্টিপাত অব্যাহত থাকলে পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top