প্রেমিকার মান ভাঙাতে ৪শ ফুট উঁচু বৈদ্যুতিক খুঁটিতে উঠে পড়লেন যুবক

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৪ মে ২০২৬, ১০:৫৩

ছবি: সংগৃহীত

প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর মানসিক কষ্টে প্রেমিকার মান ভাঙাতে বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়েন মাদারীপুরের শিবচরের এক যুবক। পরে দীর্ঘ সাড়ে চার ঘণ্টার চেষ্টায় তাকে নিরাপদে নিচে নামানো হয়।

রোববার (৩ মে) সন্ধ্যার পর শিরুয়াইল ইউনিয়নের দফাদারকান্দি এলাকায় প্রেমিকার বাড়ির পাশের একটি প্রায় ৪৬০ ফুট উঁচু বৈদ্যুতিক টাওয়ারে ওঠেন হাসান শিকদার (২২) নামে ওই যুবক।

জানা যায়, শিবচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত সূর্য শিকদারের ছেলে হাসান শিকদারের সঙ্গে তার প্রেমিকার সম্পর্ক ভেঙে যায়। এ বিচ্ছেদ মেনে নিতে না পেরে তিনি টাওয়ারে উঠে প্রেমিকাকে ফোন করে সম্পর্ক টিকিয়ে রাখার অনুরোধ জানান। একই সঙ্গে নিচে না এলে লাফিয়ে পড়ে আত্মহননের হুমকিও দেন।

ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে হাসানের এক বন্ধু দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে নামানোর চেষ্টা করেন। কিন্তু প্রথমে তিনি রাজি হননি।

পরে খবর পেয়ে শিবচর থানা পুলিশ, নিলখী তদন্ত কেন্দ্রের সদস্যরা, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তারা নানা কৌশলে তাকে বুঝানোর চেষ্টা চালান।

দীর্ঘ সময় চেষ্টার পর রাত প্রায় সাড়ে ১০টার দিকে হাসানকে নিরাপদে নিচে নামানো সম্ভব হয়। পরে পুলিশ তাকে নিরাপত্তার মধ্যে থানায় নিয়ে গিয়ে পরিবারের কাছে হস্তান্তর করে।

এদিকে যুবক টাওয়ারে ওঠার পর থেকেই ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে যায়।

স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যার পর যুবককে টাওয়ারে উঠতে দেখে এলাকাবাসী জড়ো হন এবং পরে পুলিশকে খবর দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় ধরে ফোনে কথা বলে ও বিভিন্নভাবে বোঝানোর মাধ্যমে ওই যুবককে নিচে নামানো সম্ভব হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top