চট্টগ্রামে একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীরা তাদের জমাকৃত অর্থ ফেরত এবং ‘হেয়ার কাট’ পদ্ধতি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন।
বুধবার (৬ মে) সকাল ১১টার দিকে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সামনে শত শত আমানতকারী জড়ো হয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। বাংলাদেশ ব্যাংক ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিভাগের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাদের জমা রাখা টাকা ব্যাংকগুলোতে আটকে আছে। প্রয়োজনের সময় টাকা উত্তোলন করতে না পেরে তারা পরিবার ও ব্যবসা পরিচালনায় চরম সংকটে পড়েছেন। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির প্রস্তুতিও অনিশ্চয়তায় পড়েছে বলে জানান অনেকে।
এ সময় তারা ‘আমার টাকা ফেরত চাই’, ‘হেয়ার কাট মানি না’, ‘আমানত নিয়ে টালবাহানা চলবে না’—এমন নানা স্লোগান দেন।
প্রবাসফেরত এক বিক্ষোভকারী হেফাজ অভিযোগ করে বলেন, তিনি দীর্ঘ ২৫ বছর সৌদি আরবে কষ্ট করে টাকা সঞ্চয় করেছেন। কিন্তু এখন সেই টাকা ফেরত পাচ্ছেন না। সামান্য করে টাকা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে তিনি পুরো অর্থ ফেরতের দাবি জানান।
আন্দোলনকারীদের দাবি, আমানতের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে, উত্তোলনের সীমা তুলে নিতে হবে এবং দ্রুত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু করতে হবে। একই সঙ্গে গ্রাহকদের আস্থা ফেরাতে বাংলাদেশ ব্যাংকের জরুরি হস্তক্ষেপ দাবি করেন তারা।
উল্লেখ্য, তারল্য সংকট ও অনিয়মের কারণে এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূতকরণের প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এ নিয়ে গত কয়েকদিন ধরে চট্টগ্রামের আগ্রাবাদ ও খাতুনগঞ্জ এলাকায়ও আমানতকারীরা বিক্ষোভ এবং কিছু ব্যাংক শাখায় তালা দেওয়ার কর্মসূচি পালন করে আসছেন।
এদিকে, বুধবারের কর্মসূচিতে পুলিশের বাধার মুখে পড়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।