মায়ের জন্য খিচুড়ি কিনতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের সন্ধান মিলল কক্সবাজারে
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৮ মে ২০২৬, ১০:৪৪
বরিশাল নগরীতে মায়ের জন্য খিচুড়ি কিনতে বের হয়ে নিখোঁজ হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী সৌরভ দাস শানকে কক্সবাজার থেকে উদ্ধারের পর বরিশালে নিয়ে এসেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উদ্ধার হওয়া শানকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে আনা হয়। এসময় তার মা ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ ইমদাদ হুসাইন সংবাদ সম্মেলনে বিষয়টি তুলে ধরেন।
পুলিশ জানায়, গত ২ মে রাত সাড়ে ৯টার দিকে শান মায়ের মোবাইল ফোন নিয়ে বাসা থেকে খিচুড়ি কিনতে বের হয়। পরে সে ভাটিখানা মন্দির এলাকার একটি মোবাইল ব্যাংকিং দোকান থেকে ৮ হাজার টাকা উত্তোলন করে। এরপর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।
ঘটনার পর পুলিশ একাধিক দল গঠন করে অনুসন্ধান শুরু করে। টানা তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ৬ মে কক্সবাজার থেকে তাকে উদ্ধার করা হয়। শানের নিখোঁজ হওয়ার ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উদ্ধারের পর শান জানায়, টাকা তুলে খিচুড়ির অর্ডার দিয়ে বাইরে হাঁটাহাঁটির সময় এক ব্যক্তি তার হাতে একটি কাগজ দিয়ে ঠিকানা জানতে চায়। এরপর কী ঘটেছে তা তার মনে নেই।
শানকে ফিরে পেয়ে স্বস্তি ফিরেছে পরিবারে। ছেলেকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ায় তারা সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এর আগে নিখোঁজ হওয়ার চারদিন পর বুধবার কক্সবাজারের ঈদগাঁও থানা এলাকা থেকে তাকে উদ্ধার করে স্থানীয় পুলিশ। পরে বরিশালের কাউনিয়া থানা পুলিশ তাকে নিয়ে আসে পরিবারের কাছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।