জীবনের লড়াইয়ে মানুষ শেষ পর্যন্ত একা: অমিতাভ বচ্চন
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১১:৩৩
বলিউডের জীবন্ত কিংবদন্তি অমিতাভ বচ্চন অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্লগে নিয়মিত লেখার মাধ্যমে ভক্তদের সঙ্গে নিজের চিন্তা ও জীবনদর্শন শেয়ার করে থাকেন। সম্প্রতি তিনি জীবনের অনিবার্য বাস্তবতা ও ব্যক্তিগত সংগ্রাম নিয়ে গভীর এক বার্তা দিয়েছেন, যা ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
নিজের ব্লগে অমিতাভ বচ্চন লেখেন, জীবনের বিভিন্ন পর্যায়ে মানুষ সঙ্গী ও পরামর্শ পেলেও শেষ পর্যন্ত নিজের লড়াই নিজেকেই করতে হয়। তার মতে, চূড়ান্ত মুহূর্তে প্রত্যেক মানুষই একা, এবং এই একাকীত্বকে তিনি দুর্বলতা নয় বরং আত্মশক্তির উৎস হিসেবে দেখেন।
তিনি আরও উল্লেখ করেন, জ্ঞানী ব্যক্তিদের পরামর্শ জীবন চলার পথে সহায়ক হলেও সিদ্ধান্ত ও দায়িত্ব শেষ পর্যন্ত নিজেরই নিতে হয়। নিজের অভিজ্ঞতা ও অনুভূতিই মানুষের সবচেয়ে ব্যক্তিগত সম্পদ—এ কথাও তিনি জোর দিয়ে বলেন।
তার ভাষায়, মানুষের ভেতরে একটি অদৃশ্য শক্তি থাকে, যা সঠিক সময়ে তাকে এগিয়ে যেতে সাহায্য করে। এই শক্তিকে লালন করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কঠিন সময়ে এটাই মানুষের সবচেয়ে বড় সহায় হয়ে ওঠে।
৮০ বছর পার করা এই তারকার এই দার্শনিক বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অনেক ভক্ত মনে করছেন, তার এই জীবনদর্শন কঠিন সময়ে মানসিক শক্তি ও আত্মবিশ্বাস জোগাতে অনুপ্রেরণার উৎস হতে পারে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।