শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

অনুমতি ছাড়া র‍্যালি আয়োজনের অভিযোগে থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১১:৩৮

সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের বিরুদ্ধে আইনি জটিলতা তৈরি হয়েছে। সম্প্রতি চেন্নাই পুলিশ তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।

জানা গেছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে অনুমতি ছাড়াই বিশাল জনসভা ও র‍্যালি আয়োজনের অভিযোগে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিজয় ও তার দলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, চেন্নাইয়ের টি-নগর এলাকায় তার রাজনৈতিক দল একটি র‍্যালির আয়োজন করেছিল। তবে এই কর্মসূচির জন্য আগে থেকে কোনো পুলিশ অনুমতি নেওয়া হয়নি। জনবহুল এলাকায় এ র‍্যালির কারণে দীর্ঘ যানজট তৈরি হয় এবং সাধারণ মানুষের ভোগান্তি দেখা দেয়।

নির্বাচন কমিশনের বিশেষ ফ্লাইং স্কোয়াডের অভিযোগের ভিত্তিতে মাম্বালাম থানার পুলিশ বিজয় এবং তার দলের নেতা এন আনন্দের বিরুদ্ধে মামলা করে। তাদের বিরুদ্ধে বেআইনি সমাবেশ ও জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

র‍্যালির সময় থালাপতি বিজয় একটি হুডখোলা গাড়িতে দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন। ওই দৃশ্যের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। হাজার হাজার ভক্তের উপস্থিতির কারণে এলাকায় দীর্ঘ সময় যান চলাচল বন্ধ ছিল বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে থালাপতি বিজয় আনুষ্ঠানিকভাবে তার রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ গঠনের ঘোষণা দেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top