বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ইরানের প্রায় ১,৩০০ স্কুল ক্ষতিগ্রস্ত, ৭৭৫টি ইতোমধ্যে সংস্কার

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১১:৪৪

সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ইরানে প্রায় ১ হাজার ৩০০টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রী আলিরেজা কাজেমি জানান, এর মধ্যে ৭৭৫টি স্কুল ইতোমধ্যে মেরামত করে পুনরায় পাঠদানের উপযোগী করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য নিশ্চিত করেছে।

শিক্ষামন্ত্রীর বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, হামলায় প্রায় ২০টি স্কুল সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তেহরান, কেরমানশাহ, ইসফাহান ও হরমুজগান প্রদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে।

আলিরেজা কাজেমি বলেন, যেসব স্কুল বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোর সংস্কার কাজ আগামী অক্টোবরের মধ্যে শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।

যুদ্ধ পরিস্থিতির মধ্যেও শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখতে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। সরাসরি ক্লাসের পাশাপাশি অনলাইন ও দূরশিক্ষণ পদ্ধতি এবং ‘ইরানি টেলিভিশন স্কুল’-এর মাধ্যমে পাঠদান চালু রাখা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক সহায়তার জন্য কাউন্সেলিং সেবাও দেওয়া হচ্ছে।

প্রতিবেদনে মিনাব অঞ্চলের শাজারেহ তাইয়েবাহ গার্লস স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাও উল্লেখ করা হয়। ওই হামলায় ১৭০ জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন শিক্ষার্থী ও শিক্ষক। নিহতদের স্মরণে বিভিন্ন স্কুলে শোকসভা ও স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top