বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর মা হওয়ার পর নিজের শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক মাধ্যমে কটূক্তির শিকার হয়েছেন। তবে এ ধরনের বডি-শেমিংকে ‘নির্বুদ্ধিতা ও কদর্যতা’ বলে কড়া ভাষায় জবাব দিয়েছেন তিনি।
সম্প্রতি নিজের ২০১৮ সালের একটি পুরোনো ছবি শেয়ার করেন এই অভিনেত্রী। সেই ছবিকে ঘিরে কমেন্টবক্সে কিছু নেতিবাচক মন্তব্য আসে। এক নেটিজেনের কুরুচিকর মন্তব্যের স্ক্রিনশট শেয়ার করে তারই জবাব দেন স্বরা।
দীর্ঘ এক পোস্টে তিনি বলেন, গর্ভধারণ ও সন্তান জন্ম দেওয়ার মতো বড় পরিবর্তনের পর নারীর শরীরে পরিবর্তন আসাটা স্বাভাবিক। কিন্তু সমাজ নারীদের জন্য অবাস্তব সৌন্দর্যের মানদণ্ড তৈরি করে রেখেছে, যা মানতে তিনি নারাজ।
একটি কোলাজ ছবিতে তিনি নিজের আগের ও বর্তমান রূপ তুলে ধরেন। বর্তমান ছবিতে তার কোলে দেখা যায় তার কন্যা রাবিয়াকে। এই পোস্টে তিনি স্পষ্টভাবে জানান, সন্তান জন্মের পর নির্দিষ্ট সময়ের মধ্যে ওজন কমানোর চাপ মেনে নেওয়ার কোনো প্রয়োজন নেই।
স্বরা ভাস্কর বলেন, তিনি ফিটনেসের বিপক্ষে নন, তবে শরীরকে একটি নির্দিষ্ট ছাঁচে ফেলার প্রবণতার বিরোধী। তার ভাষায়, “জীবন মানেই এগিয়ে যাওয়া, আর সেই পথে নিজের শরীরকে সময় ও সম্মান দেওয়া জরুরি।”
বলিউডে মা হওয়ার পর দ্রুত ‘জিরো ফিগার’-এ ফেরার যে প্রবণতা রয়েছে, সেটিরও সমালোচনা করেন এই অভিনেত্রী। তার মতে, অভিনয় দক্ষতার সঙ্গে শরীরের ওজনের কোনো সম্পর্ক নেই।
তিনি আরও বলেন, মা হওয়ার পর ‘বাউন্স ব্যাক’ বলে কিছু নেই— কারণ মাতৃত্ব একজন নারীর জীবনে স্থায়ী পরিবর্তন নিয়ে আসে। তাই পুরোনো চেহারায় ফিরতেই হবে— এমন চাপ নারীদের ওপর দেওয়া উচিত নয়।
স্বরা ভাস্করের এই অবস্থান সামাজিক মাধ্যমে প্রশংসিত হয়েছে। অনেকেই মনে করছেন, সেলিব্রিটি মানেই সবসময় নিখুঁত থাকতে হবে— এই ধারণা বদলানোর সময় এসেছে। তার এই বক্তব্য অনেক নারীর জন্য অনুপ্রেরণা হয়ে উঠছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।