বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

বুথফেরত জরিপে চমক থালাপতি বিজয়

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১৩:৫৯

সংগৃহীত

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর এখন সবার নজর বুথফেরত জরিপের দিকে। আর সেই জরিপেই সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা থালাপতি বিজয়।

রাজনীতিতে প্রথমবার অংশ নিয়েই তিনি সম্ভাব্য বড় সাফল্যের ইঙ্গিত পাচ্ছেন বলে বিভিন্ন জরিপে উঠে এসেছে। নিজের দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ নিয়ে নির্বাচনে অংশ নেন বিজয়। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী এম কে স্টালিন।

বিভিন্ন বুথফেরত জরিপে বলা হচ্ছে, প্রথম নির্বাচনে অংশ নিয়েই বিজয়ের দল পেতে পারে প্রায় ৯৮ থেকে ১২০টি আসন। জনসভায় তার ব্যাপক ভিড় ও জনসমর্থন রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে বলে বিশ্লেষকদের ধারণা।

তবে সব জরিপ একমত নয়। কিছু সংস্থার মতে, ডিএমকে জোট ১২০ থেকে ১৪৫টি আসন নিয়ে এগিয়ে থাকতে পারে। অন্যদিকে এআইএডিএমকে জোট পেতে পারে ৬০ থেকে ৮০টি আসন।

অন্যদিকে কিছু বিশ্লেষণী সংস্থা বিজয়ের দলকে “কিংমেকার” হিসেবেও দেখছে, যেখানে ৬৭ থেকে ৮১টি আসন পেলেও সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তার রাজনৈতিক দল।

২৩ এপ্রিল তামিলনাড়ুর ২৩৪টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ভোটার উপস্থিতি ছিল ৮২ শতাংশের বেশি, যা রাজ্যের নির্বাচনী আগ্রহকে স্পষ্ট করে।

এখন দেখার বিষয়, বুথফেরত জরিপের এই পূর্বাভাস বাস্তবে কতটা প্রতিফলিত হয় এবং সত্যিই কি প্রথম নির্বাচনে ইতিহাস গড়তে পারেন থালাপতি বিজয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top