সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা ঘিরে মৌসুমী–ওমর সানীর আপত্তি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৪ মে ২০২৬, ১৪:৪৯

সংগৃহীত

বাংলাদেশে স্বামী রেখে বিদেশে গিয়ে এক নারীর দ্বিতীয় বিয়ে ও তা ঘিরে জটিল সম্পর্কের গল্প নিয়ে নির্মিত সিনেমা কন্ট্রাক্ট ম্যারেজ মুক্তির আগেই বিতর্কের মুখে পড়েছে।

সিনেমাটিতে অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী। এটি পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর। আগামী ১৫ মে সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

তবে মুক্তির আগেই সিনেমাটির বিষয়ে আপত্তি জানিয়েছেন মৌসুমী এবং তার স্বামী চিত্রনায়ক ওমর সানী।

রোববার প্রকাশিত এক ভিডিও বার্তায় ওমর সানী দাবি করেন, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ মূলত একটি নাটকের শুটিং ছিল, যা পরে সিনেমা হিসেবে মুক্তি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, মৌসুমীকে এমনভাবে উপস্থাপন করা ঠিক হয়নি এবং তিনি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছেন।

একই ভিডিও বার্তায় মৌসুমীও নিজের অবস্থান তুলে ধরে জানান, এটি প্রথমে এক ঘণ্টার নাটক হিসেবে শুরু হলেও পরবর্তীতে শুটিং বাড়িয়ে টেলিফিল্মে রূপান্তরের কথা বলা হয়। পরে তাকে না জানিয়ে এটি সিনেমা হিসেবে মুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, সেন্সর সার্টিফিকেট নেওয়া হলেও বিষয়টি তার অজান্তে হয়েছে, যা তিনি দুঃখজনক বলে মনে করছেন।

ওমর সানী জানিয়েছেন, তিনি বিষয়টি নিয়ে ইতিমধ্যে সংশ্লিষ্ট সমিতিগুলোতে চিঠি দিয়েছেন এবং প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও ভাবছেন।

এ ঘটনায় সিনেমাটির মুক্তি ঘিরে নতুন করে অনিশ্চয়তা ও আলোচনা তৈরি হয়েছে চলচ্চিত্র অঙ্গনে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top