জয়ের পথে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ বানাতে চাওয়া হুমায়ুন কবির
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৪ মে ২০২৬, ১৪:৫৮
ভারতের পশ্চিমবঙ্গের রেজিনগর ও নওদা আসনে জয়ের পথে রয়েছেন আলোচিত নেতা হুমায়ুন কবির। গত বছর মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে ব্যাপক আলোচনায় আসেন তিনি। ওই ঘটনার পর তাকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস।
দল থেকে বহিষ্কৃত হওয়ার পরও থেমে থাকেননি হুমায়ুন। ২০২৫ সালের ৬ ডিসেম্বর তিনি মুর্শিদাবাদে ওই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে ‘আম জনতা উন্নয়ন পার্টি’ নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন।
উল্লেখ্য, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে ফেলে উগ্র হিন্দুত্ববাদীরা। সেই ঘটনার দিনটিকে স্মরণ করেই নতুন মসজিদ নির্মাণের কাজ শুরু করেন হুমায়ুন।
বর্তমান ভোট গণনায় এগিয়ে থেকে নিজের সাবেক দল তৃণমূল কংগ্রেসের কঠোর সমালোচনা করেছেন তিনি। তার অভিযোগ, গত ১৫ বছরে দলটি ব্যাপক দুর্নীতি ও লুটপাটে জড়িয়েছে, যার ফল এখন পাচ্ছে।
সাংবাদিকদের তিনি বলেন, যা হচ্ছে তা প্রত্যাশিত ছিল। তার দাবি, দীর্ঘ সময় ক্ষমতায় থেকে তৃণমূল সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছে এবং বিপুল অর্থ লুট করেছে।
নিজের জয়ের বিষয়ে হুমায়ুন কবির বলেন, তিনি দুইটি আসনে নির্বাচন করেছেন এবং দুইটিতেই জয়ী হবেন বলে আশাবাদী। দুপুরের মধ্যেই জয়ের সনদ হাতে পাবেন বলেও জানান তিনি।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।