রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

পড়ার টেবিলে স্ট্রোক করে মারা গেলেন চবি শিক্ষার্থীর

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ১৭:১৭

ছবি: সংগৃহীত

পড়ার টেবিলে বসে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম জীবক চাকমা (২০)।

রোববার (১২ এপ্রিল) সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল ৯টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, জীবক চাকমা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি রাঙামাটির নানিয়ারচর উপজেলার রামহরি পাড়া এলাকার বাসিন্দা রবিলেন্দু চাকমার ছেলে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সকালে পড়ার টেবিলে বসে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে দ্রুত বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব জানান, সকালে তাকে চিকিৎসা কেন্দ্রে আনার সময় তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে রোগ নির্ণয় সম্ভব না হওয়ায় অক্সিজেন দিয়ে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, অসুস্থ হওয়ার পরপরই তাকে চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয় এবং পরে হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হোসেন জানান, জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top