পার্সেলে কাফনের কাপড় পাঠিয়ে দুই শিক্ষককে হুমকি, এলাকায় চাঞ্চল্য
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ১৭:৫৬
নাটোরের গুরুদাসপুরে রোজী মোজাম্মেল মহিলা কলেজের দুই শিক্ষককে পার্সেলের মাধ্যমে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি দেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (১২ এপ্রিল) দুপুরে কলেজ চলাকালীন সময় পার্সেল দুটি খোলার পর ভেতর থেকে কাফনের কাপড় বেরিয়ে এলে শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাপড়গুলো জব্দ করে থানায় নিয়ে যায়।
হুমকির শিকার দুই শিক্ষক হলেন- কলেজটির মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন এবং ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুস সামাদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে স্থানীয় ডাকঘরের এক কর্মী ওই দুই শিক্ষকের নামে দুটি পার্সেল কলেজে পৌঁছে দেন। রোববার শিক্ষকরা পার্সেল খুলে দেখেন, ভেতরে ভাঁজ করা নতুন কাফনের কাপড় রাখা রয়েছে। প্রতিটি পার্সেলে চার খণ্ড করে কাপড় ছিল। বিষয়টি দেখে তারা আতঙ্কিত হয়ে সহকর্মীদের জানান এবং সঙ্গে সঙ্গে পুলিশকে অবহিত করেন।
পার্সেলের গায়ে উল্লেখিত প্রেরকের তথ্যে দেখা যায়, আনোয়ার হোসেনের পার্সেলে লিখন হোসেন এবং আব্দুস সামাদের পার্সেলে জনি আহমেদের নাম লেখা রয়েছে। উভয়ের ঠিকানা হিসেবে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার নাম উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী শিক্ষকরা জানান, তারা দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকলেও কারও সঙ্গে কোনো শত্রুতা বা বিরোধ নেই। হঠাৎ এ ধরনের ঘটনা তাদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করেছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
কলেজের অধ্যক্ষ মাহতাব উদ্দিন বলেন, প্রতিষ্ঠানের দুই শিক্ষকের সঙ্গে এমন ন্যাক্কারজনক ঘটনা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেন তিনি।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাফনের কাপড় জব্দ করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, পার্সেলগুলোর প্রেরকের ঠিকানা সিরাজগঞ্জে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।