সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

দ্বিতীয় বিয়ের যাত্রায় গাড়ি থামিয়ে প্রথম স্ত্রীর কবর জিয়ারত, চোখের জলে ভাসলেন রিয়াদ

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১৯:০৮

ছবি: সংগৃহীত

কুমিল্লা সদর উপজেলায় দ্বিতীয় বিয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে প্রথম স্ত্রীর কবর জিয়ারত করতে গিয়ে আবেগে ভেঙে পড়েছেন এক ব্যক্তি। এ সময় তিনি অঝোরে কান্নায় ভেঙে পড়েন। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

শনিবার উপজেলার বালুতুপা এলাকায় রিয়াদ নামের ওই ব্যক্তি বর সাজে দ্বিতীয় বিয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন। পথে একটি কবরস্থানের সামনে পৌঁছে তিনি গাড়ি থামান। পরে তার একমাত্র কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে প্রথম স্ত্রীর কবর জিয়ারত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রিয়াদের প্রথম স্ত্রী ২০২৩ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। দীর্ঘদিন একা থাকার পর পারিবারিক সিদ্ধান্তে তিনি দ্বিতীয় বিয়েতে সম্মতি দেন। কবরের পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকার পর তিনি কান্নায় ভেঙে পড়েন। পরে গাড়িতে ফিরে গিয়েও তাকে কাঁদতে দেখা যায়।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই এটিকে ভালোবাসা, স্মৃতি ও বাস্তব জীবনের এক মর্মস্পর্শী প্রকাশ হিসেবে মন্তব্য করেছেন।

স্থানীয় বাসিন্দা মন্টি বলেন, নতুন জীবনে পা রাখার আগে পুরোনো স্মৃতির প্রতি এমন সম্মান দেখানোর দৃশ্য সত্যিই আবেগঘন ছিল।

একই এলাকার সাইফুল ইসলাম বলেন, বিয়ের পথে রিয়াদের চোখে কোনো আনন্দ ছিল না, ছিল শুধু কান্না। গাড়ি থামিয়ে তিনি কবরের পাশে গিয়ে ভেঙে পড়েন। এই দৃশ্য প্রমাণ করে প্রকৃত ভালোবাসা কেমন হতে পারে।

এ বিষয়ে রিয়াদ জানান, ২০১৭ সালের ১৮ জুলাই তাদের বিয়ে হয়েছিল। প্রায় ছয় বছরের সংসারে তার স্ত্রীই ছিলেন জীবনের সবচেয়ে বড় আশ্রয়। ২০২৩ সালে তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। তিনি সবার কাছে তার স্ত্রীর জন্য দোয়া কামনা করেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top