সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

রাকসুর ভোট চাইতে গিয়ে পরিচয়, চার মাসের প্রেমের পর বিয়ে

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ২১:০৮

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে পরিচয়, এরপর বন্ধুত্ব ও প্রেম সবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন দুই শিক্ষার্থী রিদুয়ানুল হক ইমন ও মুসলিমা। মাত্র চার মাসের সম্পর্কের পর গত ৭ এপ্রিল উভয় পরিবারের সম্মতিতে রাজশাহীর বিনোদপুর কাজী কার্যালয়ে তাদের বিয়ে সম্পন্ন হয়।

ইমন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ময়মনসিংহে। অন্যদিকে মুসলিমা সমাজবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, তার বাড়ি বাগেরহাটে।

গত শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের বিয়ের বিষয়টি প্রকাশ করেন তারা।

জানা যায়, ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণার সময় ইমন ও মুসলিমার পরিচয় হয়। সেই পরিচয় ধীরে ধীরে বন্ধুত্ব ও পরে প্রেমে রূপ নেয়। কয়েক মাস একসঙ্গে সময় কাটানোর পর তাদের সম্পর্ক আরও গভীর হয়। এক পর্যায়ে মুসলিমা অসুস্থ হলে ইমন তাকে হাসপাতালে নিয়ে যান। সেখান থেকেই বিষয়টি পরিবারের নজরে আসে।

প্রথমদিকে পরিবার বিয়েতে রাজি না থাকলেও পরে দুজনের বোঝানোর পর উভয় পরিবার সম্মতি দেয়। এরপর ৭ এপ্রিল তাদের বিয়ে সম্পন্ন হয়।

বিয়ের অনুভূতি জানাতে গিয়ে মুসলিমা বলেন, সবকিছু খুব অল্প সময়ের মধ্যে ঘটলেও অনুভূতিটা আন্তরিক ও গভীর। বন্ধুত্ব থেকে ধীরে ধীরে ভালো লাগা সব মিলিয়ে ইমনকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া তার জন্য বড় প্রাপ্তি। পরিবারের সম্মতিতে বিয়ে হওয়ায় তারা স্বস্তি অনুভব করছেন। এখন তাদের লক্ষ্য পড়াশোনা শেষ করে একসঙ্গে ভালো কিছু করা এবং সুন্দরভাবে জীবন গড়ে তোলা।

প্রেমের শুরু প্রসঙ্গে ইমন জানান, নির্বাচনী প্রচারণার শেষ দিনে কলাভবনের সামনে প্রথম দেখাতেই মুসলিমাকে ভালো লাগে। পরে পরিচিত এক বান্ধবীর মাধ্যমে যোগাযোগ শুরু হয়। ধীরে ধীরে কথা বলা, একসঙ্গে সময় কাটানো ও আড্ডার মধ্য দিয়ে সম্পর্ক গড়ে ওঠে।

পরিবারে বিষয়টি জানাজানি হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, অসুস্থতার সময় হাসপাতালে নেওয়ার পর মুসলিমার ভাইয়ের সঙ্গে তার পরিচয় হয়। পরে বিষয়টি দুই পরিবারেই জানাজানি হলে সবাই রাজশাহীতে এসে আলোচনা করেন এবং বিয়ের সিদ্ধান্ত হয়।

প্রথমদিকে পরিবারের কিছু আপত্তি থাকলেও, তারা এখনো শিক্ষার্থী হওয়ায় পড়াশোনা শেষ করে বিয়ে করার পরামর্শ ছিল। তবে ইমন ও মুসলিমা পরিবারকে বুঝিয়ে রাজি করাতে সক্ষম হন।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তারা জানান, পড়াশোনা শেষ করে নিজেদের প্রতিষ্ঠিত করা এবং ভালো কর্মসংস্থানের মাধ্যমে একটি সুন্দর জীবন গড়ে তোলাই তাদের লক্ষ্য।

উল্লেখ্য, দীর্ঘ ৩৫ বছর পর ২০২৫ সালের অক্টোবরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ছাত্র অধিকার পরিষদের প্যানেল থেকে সহকারী ক্রীড়া সম্পাদক পদে অংশ নেন ইমন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top