বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই লুটিয়ে পড়ে আরেক বন্ধুর মৃত্যু
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ২০:৫৪
বন্ধুত্বের এক হৃদয়বিদারক দৃষ্টান্ত স্থাপন করে গেলেন চাঁদপুরের ফরিদগঞ্জের দুই প্রবীণ মানুষ। সারাজীবন পাশাপাশি থাকা এই দুই বন্ধুর একজনের দাফনের প্রস্তুতি নিতে গিয়ে কবরের ভেতরেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন অপরজন।
সোমবার (২০ এপ্রিল) সকালে ফরিদগঞ্জ পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কেরোয়া ছৈয়াল বাড়ি জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দক্ষিণ কেরোয়া গ্রামের কাঠমিস্ত্রি আবুল হাশেম (৯০) এবং একই এলাকার স্থানীয় মসজিদের মুয়াজ্জিন বাচ্চু পাটোয়ারী (৮৫)।
স্থানীয়দের জানান, জীবদ্দশায় দুই বন্ধু প্রায় সবসময় একসঙ্গে সময় কাটাতেন। এলাকার মানুষের সঙ্গে গল্প-আড্ডার পাশাপাশি তারা বিনা পারিশ্রমিকে মৃতদের দাফনের জন্য কবর খুঁড়তেন। ইতোমধ্যে তারা শতাধিক কবর খুঁড়ে এলাকার মানুষের কাছে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এদিনও আবুল হাশেমের দাফনের জন্য কবর খোঁড়ার কাজে নেমেছিলেন বাচ্চু পাটোয়ারী। কিন্তু নিয়তির নির্মম পরিহাস প্রিয় বন্ধুর কবর খুঁড়তে গিয়েই কবরের ভেতরেই অসুস্থ হয়ে পড়ে মৃত্যুবরণ করেন তিনি।
এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই বন্ধুর এমন বিদায় অনেকের চোখেই জল এনে দিয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।