প্রেমিকের ভাড়া বাসায় মিলল প্রেমিকার মরদেহ, উধাও প্রেমিক
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ২১:৩৮
বরিশাল নগরীর মুন্সী গ্যারেজ এলাকায় প্রেমিকের ভাড়া বাসা থেকে সানজিদা কবির আনিকা (২০) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক মইনুল ইসলাম হিমু (২৮) পালিয়ে গেছে।
বৃহস্পতিবার বিকেলে ওই এলাকার ‘রাফি মঞ্জিল’ নামের একটি ভবনের ষষ্ঠ তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সানজিদা কবির পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বাসিন্দা এবং মুন্সী গ্যারেজ এলাকার ভাড়াটিয়া মহসিন কবিরের মেয়ে। পলাতক হিমু একই ভবনের ষষ্ঠ তলার ভাড়াটিয়া। তার বাড়ি ঝালাকাঠির কাঠপট্টি এলাকায়।
পুলিশ ও স্বজনদের তথ্য অনুযায়ী, হিমু তার মাকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। সকালে সানজিদা প্রেমিকের বাসায় গেলে সে সময় হিমু বাসায় থাকলেও তার মা বাইরে ছিলেন। পরে হিমুর মা বাসায় ফিরে এসে দেখেন, সানজিদা বিছানার ওপর অচেতন অবস্থায় পড়ে আছে এবং হিমু পালিয়ে গেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, হিমু এর আগে বিবাহিত ছিলেন। পারিবারিক কলহের জেরে তার আগের স্ত্রী বিষপানে আত্মহত্যা করেন। এরপর সানজিদার সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে।
পুলিশের প্রাথমিক ধারণা, শ্বাসরোধ করে সানজিদাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।