মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

তারকাবহুল যাত্রায় ‘বনলতা এক্সপ্রেস’

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৫২

সংগৃহীত

অডিটোরিয়াম অন্ধকার। লাল কাপড়ে ঢাকা মঞ্চে পড়ছে হালকা আলো। সাউন্ডবক্সে ভেসে উঠছে কথোপকথনের সঙ্গে ট্রেন চলার শব্দ। ধীরে ধীরে সরছে লাল পর্দা—মঞ্চে ভেসে ওঠে ট্রেনের আদলে সাজানো সেট। গল্পের চরিত্রগুলোর নাম ধরে একে একে ডাকা হলো শিল্পীদের। ট্রেন থেকে নামতে থাকলেন পরিচিত মুখেরা। অভিনব এই আয়োজনের মধ্য দিয়েই প্রকাশ করা হলো তানিম নূর পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’–এর অভিনয়শিল্পীদের নাম।

‘বনলতা এক্সপ্রেস’-এর এই যাত্রায় সহযাত্রী হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর, শরিফুল রাজসহ আরও একঝাঁক তারকা ও নতুন মুখ। গল্পের দেশে শুরু হতে যাচ্ছে এক নতুন ভ্রমণ—যেখানে গল্প, আবেগ আর মানবিক সম্পর্কের মেলবন্ধনে এগোবে এই সিনেমা।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ–এর গল্প ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত হচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’। সাহিত্যনির্ভর এই সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী নির্মাতা।

সিনেমা প্রসঙ্গে পরিচালক তানিম নূর বলেন,

“হুমায়ূন আহমেদের গল্পের সঙ্গে জড়িয়ে থাকে মানুষের অনুভূতি, নিঃশব্দ যন্ত্রণা ও গভীর মানবিকতা। ‘বনলতা এক্সপ্রেস’ সেই অনুভবেরই একটি ভিজ্যুয়াল যাত্রা। দর্শক এই সিনেমায় গল্পের ভেতর দিয়ে এক ধরনের ভ্রমণের অভিজ্ঞতা পাবেন।”

গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকার রাশিয়ান কালচারাল সেন্টারে এক বিশেষ আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হয় ‘বনলতা এক্সপ্রেস’-এর সফরসঙ্গীদের নাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান, সিনেমাটির শিল্পী-কলাকুশলী, আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যমকর্মীরা। কাস্ট রিভিলের পাশাপাশি অনুষ্ঠানে সিনেমাটির ভাবনা ও নির্মাণপ্রক্রিয়া নিয়েও আলোচনা করা হয়।

হইচই স্টুডিওজ, বুড়িগঙ্গা টকিজ ও ডোপ—এই তিন প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হতে যাওয়া ‘বনলতা এক্সপ্রেস’ মুক্তি পাবে আগামী বছর ঈদুল ফিতর উপলক্ষে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top