কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন
চিত্তবিনোদন ডেস্ক | প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ১৫:৩১
ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই। আজ রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। ভারতীয় সংগীতজগতে বহুমুখী প্লেব্যাক কণ্ঠশিল্পী হিসেবে সুপরিচিত ছিলেন আশা ভোঁসলে। দীর্ঘ আট দশকের বেশি সময়ের ক্যারিয়ারে তিনি বিভিন্ন ভারতীয় ভাষার পাশাপাশি একাধিক বিদেশি ভাষায় অসংখ্য গান রেকর্ড করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
শাস্ত্রীয়, লোকসংগীত, আধুনিক গান থেকে গজল- প্রতিটি ধারায় তার অসাধারণ দক্ষতা ও সহজ মানিয়ে নেওয়ার ক্ষমতা তাকে বিশেষ উচ্চতায় পৌঁছে দেয়।
দীর্ঘ কর্মজীবনে ভারতীয় সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বহু সম্মাননায় ভূষিত হন। দেশের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারসহ পদ্মবিভূষণ অর্জন করেন এই বরেণ্য শিল্পী।
এছাড়া একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও জনপ্রিয় চলচ্চিত্র পুরস্কার লাভের মাধ্যমে তিনি ভারতীয় প্লেব্যাক সংগীতের ইতিহাসে অন্যতম সেরা ও সম্মানিত কণ্ঠশিল্পী হিসেবে নিজের অবস্থান সুদৃঢ় করেন। তার মৃত্যুতে সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সূত্র: এনডিটিভি
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।