দেশজুড়ে সিঙ্গেল স্ক্রিন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রেদওয়ান রনি পরিচালিত ও আফরান নিশো অভিনীত আলোচিত সিনেমা ‘দম’। আগামী শুক্রবার (২৪ এপ্রিল) থেকে সারা দেশের ৫০টিরও বেশি হলে একযোগে প্রদর্শিত হবে ছবিটি।
এর আগে পবিত্র ঈদুল ফিতরে দেশের মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি পেয়ে ব্যাপক সাড়া ফেলেছিল ‘দম’। এবার সাধারণ দর্শকদের জন্য সিঙ্গেল স্ক্রিন প্রেক্ষাগৃহে মুক্তি দিয়ে আরও বড় পরিসরে দর্শকের কাছে পৌঁছাতে যাচ্ছে সিনেমাটি।
প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি জানিয়েছে, ঢাকার মধুমিতা, শ্যামলী সিনেমা হল, সাভারের সেনা অডিটরিয়াম, রংপুরের শাপলা, ময়মনসিংহের ছায়াবাণী, পাবনার রূপকথা, বরিশালের অভিরুচি, গাজীপুরের বর্ষা, সিলেটের নন্দিতা ও যশোরের মণিহারসহ দেশের গুরুত্বপূর্ণ হলগুলোতে একযোগে প্রদর্শন শুরু হবে।
প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল জানান, পাইরেসি ঝুঁকি বিবেচনায় শুরুতে সিনেমাটি মাল্টিপ্লেক্সে মুক্তি দেওয়া হয়েছিল। দর্শকদের আগ্রহ বাড়ায় এবার সিঙ্গেল স্ক্রিনে মুক্তি দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, বিদেশেও ‘দম’ ভালো সাড়া পাচ্ছে। অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও কানাডায় সিনেমাটি মুক্তির পর প্রেক্ষাগৃহের সংখ্যা দ্রুত বেড়েছে।
পরিচালক রেদওয়ান রনি বলেন, ‘দম’ শুধু একটি সিনেমা নয়, এটি দেশের মানুষের সাহস ও সংগ্রামের গল্প। দর্শকদের ভালোবাসা আমাদের অনুপ্রাণিত করছে।
অভিনেতা আফরান নিশো বলেন, এই গল্পটি শোনার পরই তিনি কাজটি করতে আগ্রহী হন। তার মতে, চরিত্র ও গল্পটি তার ভিশনের সঙ্গে পুরোপুরি মানানসই।
আন্তর্জাতিক মানের দৃশ্যায়ন ও বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত ‘দম’ সিনেমায় আরও অভিনয় করেছেন পূজা চেরী, চঞ্চল চৌধুরী, আবুল হায়াত, ডলি জহুর ও জাহিদ হাসান।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।