মোস্তফা কামাল রাজ পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নাটকটির ফুপু চরিত্র ‘ফাতেমা’-তে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন জ্যেষ্ঠ অভিনেত্রী দীপা খন্দকার।
এক সংবাদ সম্মেলনে নাটকটির অভাবনীয় সাফল্য ও নিজের চরিত্র নিয়ে কথা বলেন তিনি। দীপা খন্দকার জানান, দীর্ঘ ২৬–২৭ বছরের অভিনয় জীবনে কোনো নাটকের এপিসোড নিয়ে দর্শকের এমন অপেক্ষা তিনি আগে কখনো দেখেননি। তার ভাষায়, দর্শকের এই আগ্রহই নাটকটির সাফল্যের মূল শক্তি।
তিনি আরও বলেন, দর্শকের ভালোবাসা এতটাই গভীর হয়েছে যে প্রতিদিন নতুন পর্ব দেখার জন্য তারা অপেক্ষা করেন এবং সামাজিক মাধ্যমে নিয়মিত প্রতিক্রিয়া জানান।
নাটকটির সাফল্যের পেছনে নির্মাতা মোস্তফা কামাল রাজের পরিকল্পনাকে প্রধান কৃতিত্ব দিয়ে দীপা খন্দকার বলেন, দর্শকের হৃদয়ে এত বড় জায়গা করে নেবে—এটি তারা শুরুতে কল্পনাও করেননি।
ব্যক্তিগত অনুভূতির কথা জানাতে গিয়ে তিনি বলেন, বাস্তব জীবনে তার কোনো ভাই না থাকায় তিনি কখনো ফুপু হতে পারেননি। তবে এই নাটকের মাধ্যমে সেই অপূর্ণতা কিছুটা হলেও পূরণ হয়েছে বলে মনে করেন তিনি। দর্শকের ভালোবাসার কারণেই তিনি এখন ‘জাতীয় ফুপু’ হিসেবে পরিচিতি পাচ্ছেন।
বর্তমানে নাটকটির ৪৬টি পর্ব প্রচারিত হয়েছে। এতে দীপা খন্দকারের স্বামী চরিত্রে অভিনয় করছেন ইন্তেখাব দিনার। পারিবারিক সম্পর্ক ও আবেগঘন গল্পের কারণে নাটকটি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমেও চরিত্রটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা, যেখানে অনেকেই দীপা খন্দকারকে ‘জাতীয় ফুপু’ হিসেবে সম্বোধন করছেন।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।