মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

প্রথম কার্যদিবসে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫০

সংগৃহীত

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম কার্যদিবসে সচিবালয়ে উপস্থিত হয়েছেন তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১২টা ৩৫ মিনিটে তিনি সচিবালয়ে পৌঁছান। এদিন বিকালে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সকাল থেকেই সচিবালয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয় এবং প্রবেশাধিকার সীমিত করা হয়।

এর আগে সকাল ১১টায় জাতীয় স্মৃতিসৌধ–এ মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে সেখানে পুনরায় শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি বৃক্ষরোপণ করেন এবং স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

স্মৃতিসৌধ থেকে বেলা ১২টার দিকে তিনি মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে জিয়া উদ্যান–এ যান। সেখানে জিয়াউর রহমান ও খালেদা জিয়া–এর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর সেখান থেকে সচিবালয়ে আসেন তিনি।

এদিকে আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত মঙ্গলবার বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও মন্ত্রিসভায় রয়েছেন ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রধানমন্ত্রীই মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করে থাকেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top