মনে হচ্ছে যেন বিএনপি পুরোনো পথেই হাঁটছে: বদিউল আলম মজুমদার
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ১৯:১০
সুশাসনের জন্য নাগরিক (সুজন) সংগঠনের সম্পাদক বদিউল আলম মজুমদার সতর্ক করেছেন যে, যে প্রক্রিয়ায় দেশের ক্ষমতাধররা অতীতে স্বৈরাচারী হয়ে উঠেছিলেন, সেই একই ব্যবস্থা যদি অব্যাহত থাকে, তা দেশের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তিনি মন্তব্য করেন, “পুরোনো পদ্ধতিতে হাঁটলে নতুন গন্তব্যে পৌঁছানো যাবে না… মনে হচ্ছে বিএনপি পুরোনো পথেই হাঁটছে।”
মঙ্গলবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন কেন অপরিহার্য?’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি। সভার আয়োজন করে নাগরিক সংগঠন সুজন।
বদিউল আলম মজুমদার অভিযোগ করেন, বিএনপি বর্তমানে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের পথে এগোচ্ছে না। তিনি বলেন, “বিএনপির প্রতিনিধিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেননি। গুরুত্বপূর্ণ অধ্যাদেশ নিয়ে টালবাহানা করা হচ্ছে, এমনকি কিছু অধ্যাদেশ বাতিল করা হচ্ছে।” তিনি প্রশ্ন তোলেন, নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পাওয়াই কি তাদের এই আচরণের কারণ?
সুজন সম্পাদক অতীতের রাজনৈতিক ইতিহাসের উদাহরণ টেনে বলেন, “যারা নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় এসেছে, তারা নিজেদের বা জনগণের কল্যাণে কিছুই বয়ে আনতে পারেনি। তাই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন অপরিহার্য, কারণ এটি জনগণের সরাসরি রায়ের প্রতিফলন।”
বৈঠকে সভাপতিত্ব করেন সাবেক বিচারপতি এম এ মতিন। বক্তারা আশঙ্কা প্রকাশ করেন, দ্রুত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার না করা হলে দেশ আবারও স্বৈরাচারী ব্যবস্থার কবলে পড়তে পারে।
সভায় আরও বক্তব্য দেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ মোহাম্মদ শাহান, অধ্যাপক সাজ্জাদ সিদ্দিকী এবং নাগরিক কোয়ালিশনের সহ-আহ্বায়ক ফাহিম মাশরুরসহ বিভিন্ন নাগরিক সংগঠনের প্রতিনিধিরা। বক্তারা নতুন রাজনৈতিক সংস্কৃতি ও জুলাই জাতীয় সনদ পূর্ণ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।