রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

নির্বাচিত হলে ঋণখেলাপিদের জন্য বাংলাদেশ ‘জাহান্নাম’ হবে: হাসনাত আবদুল্লাহ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩০

সংগৃহীত

নির্বাচিত হলে ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-৪ আসনে ১১-দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ।

রোববার (১ ফেব্রুয়ারি) আপিল বিভাগ বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিলের আদেশ বহাল রাখার পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, ঋণখেলাপির দায়ে মুন্সীর প্রার্থিতা বাতিল হওয়া ব্যাংক ডাকাত ও ঋণখেলাপিদের জন্য একটি স্পষ্ট বার্তা।

তিনি আরও বলেন, আপিল বিভাগের আদেশে জনগণের বিজয় হয়েছে, জালিমের বিরুদ্ধে মজলুমের জয় হয়েছে। ব্যাংক ডাকাতি করে কেউ জনগণের ভোট নিয়ে সংসদে যেতে পারবে না।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। ফলে নির্বাচন থেকে ছিটকে যান তিনি। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মুন্সীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। হাসনাত আবদুল্লাহর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।

উল্লেখ্য, ঋণখেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেন এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ। গত ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন ওই অভিযোগের ভিত্তিতে মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে। পরে তিনি হাইকোর্টে রিট করলে ২১ জানুয়ারি তা খারিজ হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top