গাজাজুড়ে ইসরায়েলের জোরালো বিমান হামলা, নিহত ৩২
আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৫
গাজা উপত্যকাজুড়ে শনিবার ইসরায়েলের একাধিক বিমান হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।
হামাস পরিচালিত গাজার সিভিল ডিফেন্স বিভাগের তথ্য অনুযায়ী, দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া কয়েকটি তাঁবুতেও হামলা চালানো হয়। একই সঙ্গে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
ফিলিস্তিনিদের দাবি, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর পর এটিই সবচেয়ে জোরালো হামলা। গত অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকর হয় এবং চলতি বছরের শুরুতে দ্বিতীয় ধাপ শুরু হয়।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী হামলার বিষয়টি স্বীকার করেছে। তাদের দাবি, আগের দিন হামাস যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করায় এসব হামলা চালানো হয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে আগে থেকেই দু’পক্ষ একে অপরকে দোষারোপ করে আসছে।
ইসরায়েলের পক্ষ থেকে আরও জানানো হয়, পূর্ব রাফা এলাকায় ভূগর্ভস্থ অবকাঠামো থেকে কয়েকজন সশস্ত্র ব্যক্তিকে বের হতে দেখা গেলে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। এসব হামলায় অস্ত্রের গুদাম, উৎপাদন কেন্দ্র ও হামাসের কয়েকটি স্থাপনা লক্ষ্যবস্তু ছিল বলে দাবি তাদের।
অন্যদিকে হামাস এ হামলার তীব্র নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। সংগঠনটির ভাষ্য, এ হামলা প্রমাণ করে গাজায় যুদ্ধবিরতি কার্যকর নেই।
এদিকে গাজা নগরীর শিফা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, একটি আবাসিক ভবনে বিমান হামলায় অন্তত তিন শিশু ও দুই নারী নিহত হয়েছেন। পরিস্থিতি ক্রমেই মানবিক সংকটে রূপ নিচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয়রা।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।