মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

মালয়েশিয়ায় অভিবাসন অভিযানে ৪৫ বিদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ১৪:২৩

সংগৃহীত

মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের কুচিং শহরে বিশেষ অভিবাসন অভিযানে ৪৫ জন বিদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সারাওয়াক ইমিগ্রেশন বিভাগের পরিচালক আহমাদ তারমিজি কেমেরি। অভিযানে উপস্থিত ছিলেন জেআইএম-এর উপ-মহাপরিচালক (অপারেশন) দাতো লোকমান এফেন্দি রামলি, অপারেশন বিভাগের পরিচালক হাজি বাসরি ওসমান এবং এনফোর্সমেন্ট বিভাগের প্রধান ইউসদি মরশিদি।

জানা গেছে, কুচিং শহরের দুটি পৃথক নির্মাণাধীন স্থানে একযোগে অভিযান চালানো হয়। হঠাৎ অভিযান শুরু হলে কয়েকজন বিদেশি আটক এড়াতে নির্মাণাধীন ভবনের কাঠামো বেয়ে ওঠা এবং টিনের বেড়া ভেঙে পালানোর চেষ্টা করেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত ঘেরাওয়ের কারণে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয় এবং ঘটনাস্থল থেকেই সবাইকে আটক করা সম্ভব হয়।

এবারের অভিযানে গণমাধ্যমকর্মীদেরও উপস্থিত থাকার সুযোগ দেওয়া হয়, যাতে পুরো কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করা যায়। কর্তৃপক্ষের মতে, এর মাধ্যমে অভিবাসন বিভাগের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত হবে এবং গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

আটককৃতদের মধ্যে ৩৯ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন। তাদের বয়স ২১ থেকে ৫০ বছরের মধ্যে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তারা বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান, নির্ধারিত সময়ের বেশি থাকা এবং ভিসা বা পাসের অপব্যবহারের মতো অভিবাসন আইন লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিলেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top