বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

নারী ক্রীড়া সংস্থার জন্য বিশেষ ঘোষণা আসছে শিগগিরই: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ১৮:২৪

সংগৃহীত

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, নারী ক্রীড়া সংস্থার জন্য শিগগিরই বিশেষ ঘোষণা আসতে যাচ্ছে। তিনি জানান, নারী ক্রীড়াবিদদের নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ কিছু পরিকল্পনা রয়েছে, যা দ্রুত বাস্তবায়ন করা হবে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর পল্টন ময়দানে বৈশাখী ক্রীড়া উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাঙালির লোকজ ঐতিহ্য ও গ্রামীণ খেলাধুলাকে বিশ্বমঞ্চে তুলে ধরতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্য বাস্তবায়নে আগামী বৈশাখ থেকে দেশের প্রতিটি জেলায় গ্রামীণ ক্রীড়া উৎসব আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলাধুলার সঙ্গে পরিচিত করাই সরকারের উদ্দেশ্য।

নারী ক্রীড়াবিদদের উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে আমিনুল হক বলেন, পুরুষদের পাশাপাশি নারীদেরও ক্রীড়াঙ্গনে সমানভাবে এগিয়ে নিতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। নারী ক্রীড়া সংস্থার বিষয়ে শিগগিরই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করা হবে বলেও তিনি ইঙ্গিত দেন।

খেলাধুলাকে সামাজিক পরিবর্তনের হাতিয়ার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, খেলাধুলা ও উৎসবের মাধ্যমে তরুণদের মধ্যে দেশপ্রেম ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতে হবে। একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গঠনে সরকার কাজ করছে বলেও তিনি জানান।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top