বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ১৮:২৩

সংগৃহীত

সরকার বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে শূন্য থাকা প্রায় পাঁচ লাখ পদে জনবল নিয়োগের মহাপরিকল্পনা হাতে নিতে যাচ্ছে। আগামী ছয় মাসের মধ্যে এই বৃহৎ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, শূন্যপদের তালিকা ও নিয়োগের পূর্ণাঙ্গ রূপরেখা ইতোমধ্যেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে কমিশন তাদের পরিকল্পনা সরকারকে অবহিত করেছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীও দ্রুত ও নিরপেক্ষভাবে নিয়োগ সম্পন্নের আশ্বাস দিয়েছেন।

সবচেয়ে বেশি নিয়োগ আসতে পারে স্বাস্থ্য খাতে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জাতীয় সংসদে জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শুধু স্বাস্থ্য খাতেই এক লাখ নতুন কর্মী নিয়োগ দেওয়া হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে সরকারি চাকরিতে প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত প্রায় ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে প্রথম শ্রেণিতে প্রায় ৬৯ হাজার, দ্বিতীয় শ্রেণিতে ১ লাখ ২৯ হাজার, তৃতীয় শ্রেণিতে ১ লাখ ৪৭ হাজার এবং চতুর্থ শ্রেণিতে ১ লাখ ১৫ হাজারের বেশি পদ খালি রয়েছে।

বিশ্লেষকদের মতে, এই বিশাল নিয়োগ পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের শিক্ষিত বেকারদের জন্য বড় সুযোগ তৈরি হতে পারে এবং প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: কালের কণ্ঠ

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top