পশ্চিমবঙ্গ বিধানসভা প্রথম দফার ভোট ২৩ এপ্রিল

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১৩:৪৫

সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার প্রচারণা মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৬টায় শেষ হয়েছে। এই দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (২৩ এপ্রিল)। প্রথম ধাপে রাজ্যের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মোট ১৬ জেলার ১৫২টি আসনে ভোট নেওয়া হবে।

প্রচারণার শেষ দিনে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। বিজেপির পক্ষে আসানসোল দক্ষিণের প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে রোড শো করেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। কুলটি আসনে বিজেপি প্রার্থী পোদ্দারের সমর্থনে নির্বাচনী সভায় অংশ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে নন্দীগ্রামে নিজের আসনে প্রচারণায় সক্রিয় ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শেষ দিনে চারটি নির্বাচনী কর্মসূচিতে অংশ নেন। প্রচারণার শেষ মুহূর্তে দুই প্রধান রাজনৈতিক শক্তির জোরদার উপস্থিতি ভোটের উত্তেজনা আরও বাড়িয়েছে।

তবে শেষ দিনে কিছু এলাকায় বিক্ষিপ্ত সহিংসতার ঘটনাও ঘটে। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বিজেপি প্রার্থী অজিত কুমার জানার ওপর হামলার অভিযোগ ওঠে, যেখানে তার একটি হাত ভেঙে যায় বলে জানা গেছে। এ ঘটনায় তার গাড়ি ও কয়েকটি মোটরবাইক ভাঙচুর করা হয় এবং কয়েকজন কর্মী আহত হন। বিজেপির অভিযোগ, এই হামলার পেছনে তৃণমূল সমর্থিত দুর্বৃত্তরা জড়িত।

মুর্শিদাবাদের নওদায় আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হুমায়ুন কবীরের প্রচারণাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। প্রার্থীর অভিযোগ, পুলিশ তার প্রচারণায় বাধা দিয়েছে।

অন্যদিকে নন্দীগ্রামে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে তৃণমূলের এক পঞ্চায়েত প্রধান হাবিবুল রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রথম দফায় প্রায় ৩ কোটি ৬০ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মোট ১,৪৭৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে এই দফায়।

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ২,৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, যা রাজ্যের নির্বাচনী ইতিহাসে সর্বোচ্চ। পাশাপাশি ৪৪ হাজারের বেশি ভোটকেন্দ্রে ওয়েবকাস্টিং, এআই নজরদারি এবং ২,১৯৩টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) রাখা হয়েছে।

ভোটগ্রহণ চলবে ২৩ এপ্রিল সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিরতিহীনভাবে। দ্বিতীয় দফার ভোট হবে ২৯ এপ্রিল এবং ফলাফল ঘোষণা করা হবে ৪ মে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top