সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

ঢাবির সেই শিক্ষক সুদীপ চক্রবর্তী কারাগারে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ১৫:৩০

সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগে একই বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা মামলায় এদিন আসামি সুদীপ চক্রবর্তীকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা, বাড্ডা থানার উপপরিদর্শক কাজী ইকবাল হোসেন তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেল ৩টা ২০ মিনিটে উত্তর বাড্ডা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে প্রাথমিকভাবে তার সংশ্লিষ্টতার কিছু তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করা হয়। পাশাপাশি তার নাম-ঠিকানা যাচাই প্রক্রিয়াধীন রয়েছে।

তদন্তের স্বার্থে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখা প্রয়োজন বলেও আবেদনে উল্লেখ করা হয়। ভবিষ্যতে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে বলেও জানায় পুলিশ।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ফুল মোহাম্মদ জামিনের আবেদন করেন, তবে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে রবিবার রাজধানীর উত্তর বাড্ডায় নিজ বাসা থেকে মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি চিরকুট পাওয়া যায়, যেখানে কিছু আর্থিক লেনদেনের উল্লেখসহ কয়েকজনের নাম লেখা ছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top