বৃহঃস্পতিবার, ৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূস-আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ মে ২০২৬, ১৪:২৪

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় অবহেলার অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলামের আদালতে নিহত শিক্ষার্থী উক্য ছাইং মার্মার বাবা উসাইমং মারমা এ আবেদন করেন।

বাদীপক্ষের আইনজীবী এ কে এম শরীফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।

মামলায় যাদের আসামি করার আবেদন করা হয়েছে তারা হলেন- সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সাবেক শিক্ষা সচিব সিদ্দিক জুবায়ের, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, এয়ার ভাইস মার্শাল মোরশেদ মোহাম্মদ খায়ের উল আফসার, গ্রুপ ক্যাপ্টেন রিফাত আক্তার জিকু, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির উপদেষ্টা অবসরপ্রাপ্ত কর্নেল নুরনবী, অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম, প্রশাসনিক প্রধান মাসুদ আলম, স্কুল শাখার প্রধান রিফাত নবী, রাজউক চেয়ারম্যান ও রাজউকের উত্তরা অঞ্চলের ফিল্ড সুপারভাইজার।

উল্লেখ্য, ২০২৫ সালের ২১ জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বিধ্বস্ত হয়। এতে ৩৬ জন নিহত হন। নিহতদের বেশির ভাগই ছিল শিশু শিক্ষার্থী।

পরে গত ৫ নভেম্বর দুর্ঘটনা তদন্তে গঠিত কমিটি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে বলা হয়, প্রশিক্ষণরত পাইলটের উড্ডয়নজনিত ত্রুটির কারণেই বিমান বিধ্বস্ত ও হতাহতের ঘটনা ঘটে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top