বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

ভয়াল ২৫ মার্চ আজ

গণহত্যা দিবসে এক মিনিটের ব্ল্যাকআউট, দেশজুড়ে নানা কর্মসূচি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ০৯:১৩

ছবি: সংগৃহীত

আজ ভয়াল ২৫ মার্চ- গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে বাঙালির জীবনে নেমে আসে ইতিহাসের এক বিভীষিকাময় কালরাত্রি। পাকিস্তানি দখলদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ চালিয়ে ঢাকাসহ সারা দেশে নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে, শুরু করে নৃশংসতম হত্যাযজ্ঞ।

দিনটি স্মরণে আজ বুধবার রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারা দেশে প্রতীকী ‘ব্ল্যাকআউট’ পালন করা হবে। এ সময় সরকারি-বেসরকারি ভবনে কোনো আলোকসজ্জা থাকবে না। তবে গুরুত্বপূর্ণ স্থাপনা এই কর্মসূচির বাইরে থাকবে।

জাতীয় সংসদে ২০১৭ সালের ১১ মার্চ সর্বসম্মতিক্রমে ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকে প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে। তবে এখনো আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি একাত্তরের এই গণহত্যা।

দিবসটি উপলক্ষে পৃথক বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ২৫ মার্চ জাতির ইতিহাসে সবচেয়ে বেদনাবিধুর অধ্যায়। এই নির্মমতা থেকে শিক্ষা নিয়ে তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাণীতে বলেন, ২৫ মার্চ ছিল সুপরিকল্পিত গণহত্যা। এদিন ঢাকার বিভিন্ন স্থানে শিক্ষক, বুদ্ধিজীবী ও নিরীহ মানুষের ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হয়। তিনি বলেন, স্বাধীনতার প্রকৃত মূল্য বুঝতে হলে এই ইতিহাস জানা জরুরি।১৯৭১ সালের ২৫ মার্চ রাতে হঠাৎ করেই নেমে আসে মৃত্যুর অন্ধকার।

রাত সাড়ে ১১টার দিকে ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে পাকিস্তানি সেনারা ঢাকার বিভিন্ন এলাকায় হামলা চালায়। ট্যাংক, মেশিনগান ও মর্টারের আঘাতে মুহূর্তেই রক্তাক্ত হয়ে ওঠে রাজধানী। রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে চলে নির্বিচার হত্যাকাণ্ড। মধ্যরাতেই ঢাকা পরিণত হয় লাশের শহরে।গণহত্যা দিবস উপলক্ষে সারা দেশে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, স্মৃতিচারণ, আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী আয়োজন করা হবে। এছাড়া মসজিদসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সরকার জোরালোভাবে কাজ করছে। বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে বলেও জানান তিনি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top