বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ১১:২২
বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ সমর্থনের কথা জানান।
বৈঠকে মহাসচিব বাংলাদেশের নবগঠিত সরকারের প্রতি আন্তরিক অভিনন্দন জানান। পাশাপাশি বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের মানবিক নেতৃত্ব ও উদারতার ভূয়সী প্রশংসা করেন তিনি।
আলোচনায় সমসাময়িক বিভিন্ন বৈশ্বিক বিষয় উঠে আসে। এ সময় পররাষ্ট্রমন্ত্রী চলমান বৈশ্বিক তেল সংকট এবং এর ফলে দরিদ্র দেশগুলোর ওপর পড়া অসম প্রভাবের বিষয়টি তুলে ধরেন। তিনি উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর সামনে তৈরি হওয়া নানা চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেন।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ড. খলিলুর রহমান মহাসচিবকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। মহাসচিব আমন্ত্রণটি সাদরে গ্রহণ করেন এবং এ জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৈঠকের শেষে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা এবং টেকসই উন্নয়ন এগিয়ে নিতে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন উভয় পক্ষ।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।