সরকার জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ১৬:৫৭
দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা থাকলেও দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই সরকারের।
শুক্রবার দুপুরে যশোর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে দুঃস্থ ও অসহায়দের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাজসেবা অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি তেল নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ থাকলেও সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। বিশ্বের প্রায় ৮০টি দেশ জ্বালানির দাম বাড়ালেও বাংলাদেশে তা করা হয়নি। বরং জনগণের ভোগান্তি কমাতে সরকার ভর্তুকি দিয়ে যাচ্ছে এবং সরবরাহ ব্যবস্থা সচল রেখেছে।
তিনি আরও জানান, দেশে হঠাৎ করে জ্বালানির চাহিদা বেড়ে গেছে। আগে যেখানে দৈনিক ডিজেলের চাহিদা ছিল প্রায় ১২ হাজার টন, বর্তমানে তা বেড়ে ঈদের আগে ২৪ থেকে ২৫ হাজার মেট্রিক টনে পৌঁছেছে। একইভাবে পেট্রোল ও অকটেনের চাহিদাও বেড়েছে। এ পরিস্থিতিতে সরকার অতিরিক্ত সরবরাহ নিশ্চিত করছে এবং ৯০ দিনের জ্বালানি মজুদ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, সরকার ধাপে ধাপে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে। ইতোমধ্যে পরিবার কার্ড কার্যক্রম শুরু হয়েছে, ধর্মীয় নেতাদের জন্য সম্মানির ব্যবস্থা করা হয়েছে। আগামী পহেলা বৈশাখে কৃষক কার্ড চালুর পরিকল্পনাও রয়েছে।
অনুষ্ঠানে যশোর সদর ও পৌর এলাকার ৩৪ জনের হাতে অনুদানের চেক তুলে দেন প্রতিমন্ত্রী। এ কর্মসূচির আওতায় জেলায় মোট ১৫৩ জন অসচ্ছল ব্যক্তির মধ্যে ৪ লাখ ৫৯ হাজার টাকা বিতরণ করা হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হারুন অর রশিদ স্বাগত বক্তব্য দেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।