অতিরিক্ত কেনাকাটাই তেলের সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬, ১৮:৪৪
দেশে জ্বালানি তেলের কোনো প্রকৃত ঘাটতি নেই—এমন দাবি করেছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তার মতে, মানুষের আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনার প্রবণতাই বাজারে সাময়িক সংকটের পরিস্থিতি তৈরি করছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ-র এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। তিনি জানান, আগে দেড় দিনে যে পরিমাণ জ্বালানি তেল বিক্রি হতো, এখন তা মাত্র দুই ঘণ্টায় বিক্রি হয়ে যাচ্ছে—যা মানুষের অস্বাভাবিক চাহিদারই প্রমাণ।
মন্ত্রী আরও বলেন, সরকার নিয়মিত চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করছে এবং দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই। তবে বৈশ্বিক পরিস্থিতি—বিশেষ করে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি বাজারে চাপ তৈরি হয়েছে, যার প্রভাব দেশেও পড়ছে।
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য তিনি অপ্রয়োজনীয় আলোকসজ্জা বন্ধ রাখার আহ্বান জানান। একইসঙ্গে শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে এসি ২৫ ডিগ্রিতে রাখার নির্দেশনার কথাও উল্লেখ করেন।
এদিকে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনটি জানিয়েছে, ঢাকাসহ সারা দেশের দোকান, শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্ত আন্তর্জাতিক জ্বালানি সংকট মোকাবিলা এবং সরকারের সাশ্রয়ী উদ্যোগকে সহায়তা করার অংশ হিসেবে নেওয়া হয়েছে বলে জানানো হয়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।