জ্বালানি বিতরণে শৃঙ্খলা আনতে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ১০:২৩
দেশব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ, কার্যকর ও আধুনিক করতে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ নামের একটি নতুন অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর দুটি ফিলিং স্টেশনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এই কার্যক্রম চালু করেছে। প্রাথমিকভাবে মোটরসাইকেল মালিক ও চালকদের জন্য তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন এবং আসাদগেটের সোনার বাংলা ফিলিং স্টেশনে এই কার্যক্রম পরীক্ষামূলকভাবে পরিচালিত হচ্ছে।
পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে ধাপে ধাপে এই পদ্ধতি সারা দেশের সব ধরনের যানবাহনের জন্য চালু করা হবে।
এই নতুন ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে জ্বালানি বিতরণ পুরোপুরি স্বয়ংক্রিয় এবং তাৎক্ষণিক পর্যবেক্ষণের আওতায় আসবে। এটি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কেন্দ্রীয় তথ্যভান্ডারের সঙ্গে যুক্ত থাকবে। ফলে জ্বালানি সরবরাহ ও বিতরণ কার্যক্রম আরও সমন্বিত ও স্বচ্ছভাবে পরিচালনা করা সম্ভব হবে।
নতুন ব্যবস্থায় ফিলিং স্টেশন মালিকরা ডিজিটাল পদ্ধতিতে জ্বালানির বরাদ্দ নিবন্ধন করে তা গ্রাহকদের মধ্যে বিতরণ করতে পারবেন। ব্যবহারকারীরা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে জ্বালানি গ্রহণের পাশাপাশি নিজেদের বরাদ্দও দেখতে পারবেন। এছাড়া কেন্দ্রীয় নিয়ন্ত্রণ পদ্ধতির মাধ্যমে জাতীয় পর্যায়ে জ্বালানি সরবরাহ পরিস্থিতি তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা যাবে।
স্মার্টফোন না থাকলেও নাগরিকরা ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করে কিউআর কোড ডাউনলোড করে মুদ্রিত কপি ব্যবহার করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমান ম্যানুয়াল পদ্ধতির কারণে জ্বালানি বিতরণে বিলম্বসহ বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও অনেক ফিলিং স্টেশনে দীর্ঘ যানজট তৈরি হয়। একই ব্যক্তি একাধিকবার লাইনে দাঁড়িয়ে অতিরিক্ত জ্বালানি নেওয়ার ফলে কৃত্রিম সংকটও তৈরি হচ্ছে।
এই উদ্যোগ বাস্তবায়ন হলে জ্বালানি বিতরণে স্বচ্ছতা বাড়বে, অনিয়ম ও অপচয় কমবে এবং সংকটকালীন সময়ে কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতায় আধুনিক এই ব্যবস্থাটি দ্রুত দেশব্যাপী সম্প্রসারণ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।