শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

হরমুজ প্রণালিতে জাহাজ থেকে চাঁদা আদায় বন্ধে ট্রাম্পের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ১০:৪৯

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজ থেকে চাঁদা আদায়ের অভিযোগে ইরানকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ ধরনের কার্যক্রম এখনই বন্ধ করতে হবে।

বৃহস্পতিবার এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজ থেকে ইরান নাকি ফি আদায় করছে এমন তথ্য শোনা যাচ্ছে। তিনি দাবি করেন, যদি এমনটি ঘটে থাকে, তবে তা অবিলম্বে বন্ধ করতে হবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির ঘোষণার পরপরই এমন মন্তব্য সামনে এলো। এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, ইরান যদি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক ও নিরাপদ রাখে, তাহলে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত রাখতে পারে। তবে এখনো ওই জলপথে চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি।

বিশ্বের প্রায় পাঁচ ভাগের এক ভাগ তেল সরবরাহ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এই জলপথকে ঘিরে যেকোনো উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলছে।

এদিকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জাহাজ চলাচলের অনুমতি দিতে ইরান নৌপরিবহন কোম্পানিগুলোর কাছ থেকে ডিজিটাল মুদ্রায় ফি নেওয়ার পরিকল্পনা করছে। যদিও এ বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অন্য এক বার্তায় ট্রাম্প দাবি করেন, তার কারণে ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। তিনি আরও বলেন, খুব শিগগিরই তেল সরবরাহ স্বাভাবিক করা হবে তাতে ইরানের সহযোগিতা থাকুক বা না থাকুক।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top