ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার সিদ্ধান্ত,বিরোধী দলও একমত: চিফ হুইপ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১১:৪১
চিফ হুইপ নূরুল ইসলাম জানিয়েছেন, ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তার মতে, এ বিষয়ে বিরোধী দলও একমত হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদ অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এর আগে সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ উপজেলায় অফিস বরাদ্দ পাওয়ায় ধন্যবাদ জানিয়ে সরকারের কাছে একটি সরকারি গাড়ির ব্যবস্থা করার অনুরোধ জানান। তিনি বলেন, উপজেলা পর্যায়ে ইউএনও ও চেয়ারম্যানদের সরকারি গাড়ি থাকলেও অনেক সংসদ সদস্যকে ব্যক্তিগতভাবে বা ভাড়া করা গাড়িতে নির্বাচনী এলাকায় যেতে হয়, যা অনেক সময় অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে।
এ সময় তিনি সংসদ সদস্যদের জন্যও একটি সরকারি গাড়ির সুবিধা রাখার অনুরোধ জানান।
তার বক্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, সরকারের পক্ষ থেকে শুরু থেকেই সংসদ সদস্যদের জন্য অতিরিক্ত সুবিধা বা বিলাসিতা কমানোর নীতি অনুসরণ করা হচ্ছে। তিনি জানান, ট্যাক্স ফ্রি গাড়ি সুবিধা বাতিলের বিষয়টিও বিবেচনায় রয়েছে এবং সরকারি ব্যয় নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি বরাদ্দ কমানো এবং সরকারি খাতে ঋণ ও সুবিধা সীমিত করার উদ্যোগ চলছে। তবে সংসদ সদস্যদের দাবির বিষয়ে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে বলে তিনি জানান।
এ বিষয়ে বিরোধী দলের পক্ষ থেকে ডা. শফিকুর রহমান বলেন, তরুণ সংসদ সদস্যের দাবি দ্রুত নাকচ না করে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা উচিত ছিল।
পরে স্পিকার বিষয়টি নিয়ে চলমান আলোচনার সারসংক্ষেপ তুলে ধরে জানান, বিষয়টি সরকার পর্যায়ে বিবেচনার জন্য রাখা হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।